কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৫ জনকে ৪ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ তাদের এ অর্থদন্ড করেন।
এসময় মাস্কবিহীন নিম্নআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়াও দোকান, শপিংমল সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় পারস্পরিক দূরত্ব অন্যূন ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পালং মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। এছাড়া, দুপুর ১২ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত পৌরসভাসহ চন্দ্রপুর পশুর হাটে রোভার স্কাউটের একটি চৌকস দল স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করে এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে।