বহুল আলোচিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। করোনা মোকাবিলায় ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম-পিপিই ও মাস্ক সরবরাহে অনিয়মসহ নানা অভিযোগ মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবারও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম- পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহে ব্যর্থ হওয়ার পাশাপাশি নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এছাড়া নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড সনদ দেয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।