জেদ্দা-রিয়াদ-মদিনায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৪ ২০:৩৯:১৫
সৌদি আরবের গুরুত্বপূর্ণ রুট জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের জুন মাসের মধ্যে এ রুটে ফ্লাইট চালাবে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ইউএস-বাংলা প্রতিষ্ঠার শুরু থেকে যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ২০২২ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিশ্ব এভিয়েশন তথা বাংলাদেশ এভিয়েশন মার্কেটে করোনা পরবর্তী সময়ে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি প্রবাসীদের বৃহদাংশ বসবাস করে। ইউএস-বাংলার অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে সৌদি প্রবাসী বিশেষ করে জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মামে অবস্থানরত বাংলাদেশিদের যাত্রীসেবা দেওয়ার জন্য আগামী বছরের জুনে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
ইউএস-বাংলা জানায়, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট চলাচলের জন্য বিশ্ববিখ্যাত এয়ারলাইন্স এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স যে ধরনের এয়ারক্রাফট বিশেষ করে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ ব্যবহার করে থাকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সও বাংলাদেশি প্রবাসীদের একই ধরনের এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই থেকে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স গত প্রায় ৮ বছর যাবত স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর ধারাবাহিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে, এমনকি ক্রস কান্ট্রি ফ্লাইট ধারণা থেকে যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার কিংবা সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














