বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ
বিশ্ববাজারে ৯৭ ডলারে পৌঁছেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০২-২২ ১৬:২৯:৫২
চলমান উত্তেজনার জেরে রাশিয়া পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়েছে। এটি ২০১৪ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকটের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট।
এই প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী দোনেৎস্ক ও লুহানস্কে অঞ্চলে ‘শান্তি রক্ষায়’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠানোর ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে।
রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত তেল ও শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ।
সুইজারল্যান্ডভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাইটল’র প্রধান নির্বাহী রাসেল হার্ডি অয়েল প্রাইজ ডট কমকে বলেছেন, ‘তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।’ এই দাম অনেকদিন থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














