শনিবার ইরান সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী
প্রকাশ: ২০১৬-১০-০১ ১২:২৩:৪০
চারদিনের সরকারি সফরে আজ শনিবার ইরানে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দেশটির শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেমাতজাদেহের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনের এ সফরে শিল্পমন্ত্রী ইরানের উপ-রাষ্ট্রপতি, শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং ইস্পাহান প্রদেশের গভর্নর জেনারেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি ইরান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং ইস্পাহানের স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। শিল্পখাতে উন্নয়নের লক্ষে ইরানের সঙ্গে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করা এ সফরের অন্যতম লক্ষ্য।
সফরকালে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী। অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














