বিশ্বব্যাপী কন্টেইনার ও জাহাজ সঙ্কট, শঙ্কায় পোশাক খাত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০৬ ১১:৪৫:৫৫
দেশে করোনা রোধে লকডাউন জারির কারণে পোশাক কারখানা বন্ধসহ বিদেশি ক্রয়াদেশ বাতিল হওয়ায় বিপাকে পড়েন খাত সংশ্লিষ্টরা। রফতানি খাতে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজ কিছুটা স্বস্তি দিলেও বাধ সেধেছে বিশ্বব্যাপী কন্টেইনার ও জাহাজ সঙ্কট।
রফতানিকারকরা কন্টেইনার সঙ্কট দেখো দেয়ার কারণে মধ্যে এয়ারের (উড়োজাহাজ) মাধ্যমে পোশাক ডেলিভারিতে বাধ্য হচ্ছেন। এতে শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ, লাভের অংশ চলে যাচ্ছে উড়োজাহাজ ভাড়ায়। তবে এসব সমস্যার মধ্যে পোশাক খাতে দ্রুত স্বস্তি ফিরবে বলে আশা খাত সংশ্লিষ্টদের।
পোশাক খাতের এক উদ্যোক্তা জানান, ‘এখন বিশ্বব্যাপী সঙ্কট তৈরি হয়েছে। এর আগে যে জাহাজে পণ্য রফতানির ক্ষেত্রে ২১ দিনে সম্ভব হতো, সেটা এখন ৩৫ থেকে ৪০ দিন পর্যন্ত সময়ের প্রয়োজন পড়ছে। এতে বন্দরে কন্টেইনার আটকে যাচ্ছে, আবার কন্টেইনার খালাস না হওয়ায় জাহাজও একই পরিস্থিতিতে পড়ছে। এতে তীব্র কন্টেইনার ও জাহাজ সঙ্কট তৈরি হচ্ছে।’
বিশ্বব্যাপী জাহাজ, খালি কন্টেইনার সঙ্কটের কারণে পণ্য আমদানির খরচ বেড়েছে। জানুয়ারির শুরুতে ফের নদী পথে যাতায়াতের খরচ বাড়তে পারে। শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য বাংলাদেশকে আমদানি করতে হয় জাহাজের মাধ্যমে। করোনাভাইরাস মহামারির কারণে জাহাজ চলাচলের সময়সূচি বিঘ্নিত হয়েছে, সে জট এখনও অব্যাহত। এ কারণে খালি কন্টেইনারের অভাব আমদানি বাণিজ্যকে আরও কঠিন করেছে।
কন্টেইনার সঙ্কট রফতানিতে কোনো প্রভাব পড়বে কি-না, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) ফজলে শামীম এহসান বলেন, ‘এই সাময়িক সঙ্কটের ভয়ঙ্কর দিক আছে।
বায়ার আমার মালের অর্ডার বাতিল করছে, আবার অর্ডার দিচ্ছে, আবার বলছে দ্রুত পাঠাতে। এতে বাই এয়ারে (বিমানে) মাল শিপমেন্ট করতে হয়, মাল দ্রুত গেলেও খরচ বেশি পড়ে। যেটা উদ্যোক্তাকে বহন করতে হচ্ছে, এতে লাভের চেয়ে খরচের অঙ্ক বেশি।’
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














