পোশাক উৎপাদনের মান সূচকে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০১ ২২:০১:৩০


প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে পিছনে ফেলে বাংলাদেশি পোশাক খাত আন্তর্জাতিক মান সূচকে অগ্রগামী হয়েছে। সর্বশেষ ইথিক্যাল অডিট সূচকে বাংলাদেশি পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থা দ্বিতীয় স্থান লাভ করেছে। সূচকে প্রথম স্থানে রয়েছে তাইওয়ান আর বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম রয়েছে তৃতীয় স্থানে এবং চীনের অবস্থান ৭ম।

তৈরি পোশাকের সরবরাহ চেইনে কমপ্লায়েন্সসহ সব ধরনের সেবা প্রদানকারী চীনভিত্তিক প্রতিষ্ঠান কিউআইএমএর এক প্রতিবেদনে বাংলাদেশের এই উন্নয়ন দেখানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জির এক প্রতিবেদনে বলা হয়, পোশাক কারখানার নিরাপদ পরিবেশ এবং সরবরাহ চেইনে দায়িত্বশীলতা বিবেচনায় বাংলাদেশের পোশাক খাত এখন প্রথম সারির।

উদ্যোক্তারা মনে করছেন, বাংলাদেশের পোশাক খাতে প্রথমবারের মত এই স্বীকৃতি অর্জন রফতানি ও দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখবে এবং ক্রেতাদের কাছেও কদর বাড়বে।

প্রসঙ্গত, ইথিক্যাল অডিট কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত হচ্ছে কি না, তা নিরীক্ষা করে। শ্রমিকের বেতন-ভাতা, কর্মপরিবেশ, সাধারণ ও মাতৃত্বকালীন ছুটি, সামাজিক ও পরিবেশগত নিরাপত্তার শর্ত এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি বিশ্লেষণ করা হয়। সাধারণ আন্তর্জাতিক ক্রেতাদের শর্তমেনে শ্রমঅধিকার নিশ্চিত করার বিষয়টি এর মাধ্যমে খোলাসা হয়ে ওঠে। এই সূচক তৈরিতে সরেজমিন কারখানা পরিদর্শন, শ্রমিকদের সাক্ষাতকার, কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করা হয়।

তথ্য অনুযায়ী গত ইথিক্যাল অডিট সূচকে ১০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সূচক ৭ দশমিক ৭। ভিয়েতনামের ৭ দশমিক ৬। চীন ৭ দশমিক ৩ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে।

এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে পোশাক শিল্প মালিকরা। বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, এটি বাংলাদেশের অনন্য অর্জন। রানা প্লাজা ধসের পর যে দুর্নাম হয়েছিল, তা কাটিয়ে উঠতে সহায়ক হবে। ক্রেতাদের কাছ থেকে বেশি রপ্তানি আদেশ পাওয়া যাবে।

পোশাক খাতের ইতিহাসে প্রথম এই আন্তর্জাতিক স্বীকৃতির নেপথ্যে রানা প্লাজা ঘটনা পরবর্তী ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কর্মতৎপরতায় কারখানার পরিবেশ উন্নয়নে যুগান্তকারী কাজ হয়। যদিও এই সংস্কারের বিষয়টি ব্যয়বহুল হওয়ায় উৎপাদকদের বাড়তি খরচ করতে হয়েছিল। তবে এই স্বীকৃতি আগামী দিনে ব্যবসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সানবিডি/এএ