মহেশখালীর সমুদ্রে এলএনজির তৃতীয় টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১২ ১৪:৩০:১৩


গত ২০১৮ সাল থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে।বাইরে থেকে আমদানি করা এলএনজি থেকে প্রক্রিয়াজাত গ্যাস জাতীয় গ্রিডে দিতে মহেশখালীর সাগরে দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। এরপরও গ্যাসের ঘাটতি রয়েছে। তাই সরকার মহেশখালীর সমুদ্রেই আরেকটি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের মধ্যেই এ টার্মিনাল দিয়ে গ্রিডে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস আনার আশা করা হচ্ছে। তৃতীয় এই এফএসআরইউ স্থাপনের বিষয়ে পেট্রোবাংলাকে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা ৪২০ কোটি ঘনফুট। এ ব্যাপারে পেট্রোবাংলা তথ্যমতে, গত মঙ্গলবার সারাদেশে গ্যাস সরবরাহ করা হয়েছে ৩১৩ কোটি ঘনফুট। ঘাটতি ছিল ১০৭ কোটি ঘনফুট। এর মধ্যে আমদানি করা এলএনজি থেকে মিলেছে ৭০ কোটি ঘনফুট। অর্থাৎ দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া গেছে ২৪৩ কোটি ঘনফুট। নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত না হলে দেশীয় গ্যাসের এই উৎপাদন সামনের বছরগুলোতে আরও কমবে। ২০১৭ সালের গ্যাস সেক্টরে মাস্টারপ্ল্যান অনুসারে ২০২৫ সালে দেশে গ্যাসের চাহিদা দাঁড়াবে ৪৪০ কোটি ঘনফুট। একদিকে চাহিদা বাড়বে, অন্যদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমতে পারে। এতে ঘাটতি বেড়ে যাবে। এই চাপ সামলাতেই তৃতীয় টার্মিনাল।

সানবিডি/এনজে