৬৮ কোটি টাকা আত্নসাত

ক্রিসেন্ট ট্যানারিজ ও জনতা ব্যাংকের ১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৩ ২০:৪৮:৪৩


দুর্নীতি দমন কমিশন (দুদক) রফতানি না করেও জালিয়াতির মাধ্যমে ভূয়া নথিপত্র তৈরি করে জনতা ব্যাংক থেকে ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রিসেন্ট ট্যানারিজের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। আজ বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে চকবাজার মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানিয়েছেন।

এই মামলার আসামিরা হলেন – ক্রিসেন্ট ট্যানারিজের চেয়ারম্যান এমএ কাদের, ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম ও পরিচালক রেজিয়া বেগম। জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগের সিনিয়র অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, মো. মনিরুজ্জামান ও মো. সাইদুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাগরেব আলী ও মো. খায়রুল আমীন, এজিএম মো. আতাউর রহমান সরকার, ডিজিএম একেএম আসাদুজ্জামান ও মোহাম্মদ ইকবাল। এছাড়া একই ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম, প্রধান কার্যালয়ের ডিজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের সাবেক জিএম (বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি) মো. জাকির হোসেন ও জনতা ব্যাংকের সাবেক জিএম (বর্তমানে কৃষি ব্যাংকের ডিএমডি) ফখরুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, আসামিগণ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শর্তাধি লঙ্ঘন করে জাল-জালিয়াতি করে রফতানি ঋণের সুবিধা গ্রহণ করে রফতানি না করেও ভুয়া ডকুমেন্ট দেখিয়ে এফডিবিপি ও প্যাকিং ক্রেডিট বাবদ জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছে।

অর্থাৎ তারা ভুয়া রফতানি বিলের বিপরীতে মেসার্স ক্রিসেন্ট ট্যানারিজের অনুকূলে রফতানি না করেও ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ড বিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৭১, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় মামলা করা হয়েছে।

সানবিডি/এনজে