নিহতদের স্মরণে দু’দিনের শোক
প্রকাশ: ২০১৬-০৭-০২ ২২:৪১:৩২
গুলশানে নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আস্থা রাখুন, যেকোনো মূল্যে সন্ত্রাসীদের নির্মূল করা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাত (২ জুলাই) ৭টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এই ভাষণ প্রচার করে।
শুক্রবার (১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর অভিজাত এলাকা শুলশানের একটি স্প্যানিশ রেস্টুরেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমান্ডো স্টাইলে জঙ্গি হামলা হয়। এতে ঈদ আনন্দের প্রস্তুতিতে থাকা মানুষ হতবাক হয়ে যায়।
প্রায় ১১ ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর সম্মিলিত বাহিনীর অভিযানে এক বিদেশি নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এর আগে জিম্মি থাকা ২০ বিদেশিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে সেনাসদর থেকে জানানো হয়েছে। যৌথ অভিযানে ছয় জঙ্গি মারা পড়েছে। ধরা পড়েছে একজন।
এ ছাড়া শুক্রবার রাতে উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ে গ্রেনেড হামলায় প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান এবং ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলাম।
এ ঘটনায় এ পর্যন্ত সর্বমোট ২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হওয়া অর্ধশত ব্যক্তি একাধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে বেশির ভাগই পুলিশ সদস্য।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














