গুলশান হামলায় যারা নিহত হয়েছেন

প্রকাশ: ২০১৬-০৭-০৩ ১৩:০৮:০৭


attack of Gulshanবাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় তিন বাংলাদেশি, এক ভারতীয়, নয় ইতালীয় এবং সাত জাপানি নাগরিক নিহত হয়েছেন। তবে জাপানি নাগরিকদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও বাংলাদেশি, ভারতীয় এবং ইতালীয় নাগরিকদের পরিচয় জানা গেছে। ওই হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তুলে ধরা হলো:

গুলশান রেস্টেুরেন্টে হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের শিল্প ব্যক্তিত্ব ইশরাত আকন্দ। নিজ দেশে তিনি শিল্পকলায় সোচ্চার ছিলেন এবং ইন্সটিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসের (আইএসি) তত্ত্বাবধানে ছিলেন। তিনি প্রায় ২০ বছর ধরে শিল্পকলা চর্চা করে আসছেন। বাংলাদেশের শিল্পকলা এবং চারুশিল্পীদের তিনি আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি প্রায় ২শ শিল্পীকে নিজেদের প্রতিভা প্রকাশে সহায়তা করেছেন। তারা নিজ দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি অর্জন করেছেন।

ইশরাত ইতালীয় ব্যবসায়ীদের সঙ্গে শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নৈশভোজে অংশ নিয়েছিলেন। সেসময় রাত পৌনে নয়টায় ওই রেস্টুরেন্টে হামলার ঘটনায় নিহত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার বন্ধু-বান্ধব এবং আত্মীয়রা। তার এক বন্ধু জানিয়েছেন, তিনি খুব অমায়িক ও ভালো বন্ধু ছিলেন।

‪ওই হামলায় নিহত ফারাজ হোসেইন (২০) সিমেন হোসেইন এবং মুহাম্মদ ওয়াকুয়ের বিন হোসেইনের ছোট ছেলে এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান  লতিফুর রহমানের নাতি। ফারাজ অক্সফোর্ড কলেজ অফ ইমোরি ইউনিভার্সিটি থেকে এ বছর স্নাতক অর্জন করেন। তিনি ইমোরির গইজুয়েটা বিজনেস স্কুলের ছাত্র ছিলেন। তিনি মে মাসের ১৮ তারিখে গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় এসেছিলেন। তিনি তার দুই বন্ধুকে নিয়ে হলি আর্টিজান রেস্টুরেন্টে নৈশভোজে অংশ নিয়েছিলেন। সেসময় সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন।

‪সন্ত্রাসীদের হামলায় অবিন্ত কবির (১৮) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ নিহত হয়েছেন। তিনি ইমোরি অক্সফোর্ড কলেজের ছাত্র। তার ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার কথা ছিল। ঢাকায় বেড়াতে এসেছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর বন্ধুদের সঙ্গে নৈশভোজের জন্য ওই হলি আর্টিজান রেস্টুরেন্টে অংশ নিয়েছিলেন অবিন্ত কবির। পরে সেখানে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি।