নিহত জঙ্গি খায়রুলের বাবা-মা আটক

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ১১:৫৭:২৯


গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞে যেসব জঙ্গি অংশ নিয়েছিল তাদের একজনের নাম খায়রুল ইসলাম। গণমাধ্যমে তার ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশিরা খায়রুলকে চিনতে পারেন।Khairul

 খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।

এদিকে খায়রুলের পরিচয় নিশ্চিত হওয়ার পর রোববার বিকেলে তার বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

 জানা গছে, খায়রুল বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কাওমি মাদ্রাসায় পড়ালেখা করতো। পরে বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে।

 চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী  বলেন, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। পরে রবিবার বিকেলে পুলিশ একটি ছবি নিয়ে খায়রুলের বাড়িতে আসে। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছে না বলে জানান। পরে পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।

খায়রুলের মা পেয়ারা বেগম বলেন, এক বছর ধরে খায়রুল নিখোঁজ ছিল। পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আট-নয় মাস আগে সাংবাদিকের কাছে গিয়েছিলেন। কিন্তু থানায় জিডি করতে হবে বলে আর বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

 শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা দেশি-বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে ২০ জনকে হত্যা করে। পরে শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস