গুলশানে হামলার ঘটনায় মামলা
প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১৩:২৮:২২
রাজধানীর গুলশান ২ নম্বরের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে।
সোমবার রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।
তিনি জানান, মামলায় আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব এবং অজ্ঞাত ১৫ জনসহ মোট ২০ জনকে আসমি করা হয়েছে। মামলার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এর আগে সোমবার দুপুরে গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত স্মরণসভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জানান, পুলিশ বাদী হয়ে মামলা করবে।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টায় নিরাপত্তাবেষ্টিত এলাকা গুলশান-২-এ হলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। তাদের প্রতিরোধ করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২০ জনকে খুন করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী।
রেস্টুরেন্টে হামলার পরপরই সেখানে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের বোমা-গুলিতে নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














