সহজেই দূর করুন কাপড়ে লাগা দাগ!

প্রকাশ: ২০১৬-০৭-১৫ ২১:৪৭:০৮


কাপড়অসাবধানতাবশত দাগ পড়ে পছন্দের কাপড়টি নষ্ট হয়ে গেল। এতে মন খারাপ করার কিছু নেই। কিছু টিপস জানা থাকলে এসব দাগ দূর হবে সহজেই।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে সহজেই এসব দাগ দূর করবেন।

তেলের দাগ : খেতে গিয়ে হঠাৎ খাবার পড়ে পছন্দের কাপড়ে তেলের দাগ পড়ে গেছে। ভাবছেন কি করবেন? তাই তো। প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো একটি টিস্যু পেপার চেপে ধরে কাপড় থেকে তেল শুষে নিন ভালো করে। এরপর কাপড়টি পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এতে অল্প পানি ও ডিটারজেন্ট দিয়ে ডিটারজেন্টের পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর গরম পানিতে ভালো করে কাপড় ধুয়ে নিন তেলের দাগ উঠে যাবে। এই পদ্ধতিতে গ্রিজের দাগও তুলে ফেলতে পারবেন সহজেই।

কালির দাগ : হঠাৎ কালির দাগ লেগে গেল? চিন্তা নেই। কর্ণফ্লাওয়ারের সঙ্গে কিছুটা দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্ট দাগের ওপরে লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে শুকিয়ে যেতে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে আলতো করে ঘষে তুলে নিন। দেখবেন একেবারেই দাগ চলে গেছে।

চা, কফি, সফট ড্রিংকস ও জুস ধরনের জিনিসের দাগ : এই ধরনের দাগ খুবই জেদি হয়ে থাকে, সহজে উঠতে চায় না। এই ধরনের দাগ লাগলে কাপড়টি ১০ মিনিট পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় ধোয়ার সাবান বা লিক্যুইড ডিটারজেন্ট বা ডিজারজেন্টের পেস্ট তৈরি করুন পানির সাহায্যে। এরপর এই পেস্টটি কাপড়ের দাগের ওপর লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

ঘামের দাগ : কাপড়ে ঘামের দাগ আরেকটি বিরক্তিকর যন্ত্রণার বিষয়। এই দাগ তুলতে ১/৪ মগ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি কাপড়ের ঘামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ১ ঘণ্টা এভাবেই কাপড়টি রেখে মিশ্রণটি বসে যেতে দিন কাপড়ে। এরপর স্বাভাবিকভাবে কাপড় ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঘামের দাগ দেখতে পাবেন না পছন্দের কাপড়ে।

চকোলেটের দাগ : চকোলেট কার না পছন্দ। কিন্তু চকোলেটের দাগ কাপড়ে লাগা কারোরই পছন্দ নয়। অসাবধানতাবশত যদি দাগ লেগেই যায় তাহলে এই সমস্যা সমাধানে প্রথমেই যতটা সম্ভব চকোলেট দ্রুত তুলে ফেলার চেষ্টা করুন। এরপর ডিটারজেন্ট মেশানো গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। যদি এরপরও বাদামি দাগ থেকে যায় কাপড়ে তাহলে পানিতে সামান্য হ্যান্ড স্যানিটাইজার মিশিয়ে আরও খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়েই কাপড় ধুয়ে নিন।

মেহেদীর দাগ : শখ করে মেহেদী লাগাতে গিয়ে কাপড়ে দাগ লেগে গেলে মন খারাপ করবেন না। পানি ও বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে দাগের ওপরে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এতেও মেহেদীর দাগ অনেকটাই চলে যাবে।

মেকআপের দাগ : নারীরা মেকআপ করতে গিয়ে একটু আধটু দাগ কাপড়ে লাগিয়েই ফেলতে পারেন। মেকআপের দাগ যদি কাপড় থেকে তুলতে সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপরে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে উঠলে আলতো করে ঘষে তুলে ফেলুন। দাগ থাকবে না।

সানবিডি/ঢাকা/আহো