ইতিহাস গড়ে ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৬ ২০:৫৯:২৪
বাংলাদেশ থেকে গত ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪৪৯ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে।
চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার। এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৫ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি।
এছাড়া, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশ। এ মাসে মোট রপ্তানি হয়েছে ৫১৯ কোটি ডলারের পণ্য। গত জানুয়ারিতে ৫৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল আর প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পোশাক খাতের রপ্তানিতে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। গত এক বছরে গ্যাস ও শ্রমিকের মজুরি বৃদ্ধি, বিশ্ব অর্থনীতির মন্থর অবস্থায় বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমার মতোন নানামুখী চ্যালেঞ্জের মোকাবিলা করেছে বাংলাদেশের পোশাক খাত। এই অবস্থায় আগামী দিনগুলোতে রপ্তানি আরো বাড়বে বলে আশা করছি। কারণ বেশিরভাগ ক্রেতা ব্র্যান্ডই তাদের পণ্য মজুত শেষ করে ফেলেছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














