সৌদিতে হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু
আপডেট: ২০২৬-০৫-১৩ ১১:১০:৩৯
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী।
হেল্প ডেস্কের তথ্যানুয়ায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।
এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে মক্কায় মারা যান ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর জেলার সরদ উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস, একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের সদরের মাহফুজা বেগম। ২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুরের কোতোয়ালী থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এ ছাড়া ২৬ এপ্রিল মক্কায় মারা যান দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক।
এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইলের সদরের আবুল কাশেম, ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের সদরের নইম উদ্দীন মন্ডল।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














