নিজেদের ব্যর্থতা ঢাকতে সংলাপ চান ড. কামাল: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১২ ১৪:৪৭:২০
নতুন সরকারের মন্ত্রীসভার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সদ্যসমাপ্ত নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে; যা বিশ্বব্যাপী প্রশংসিত, ইতিহাসে বিরল। তিনি বলেন, নিজের ব্যর্থতা ঢাকতে ড. কামাল হোসেন সংলাপ নামের ভাওতাবাজির কথা বলছেন।
শনিবার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতির জনকের এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, অভিনেত্রী তারিন, নূতন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ-সভাপতি রোকেয়া প্রাচী প্রমুখ।
এ সময় হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তাদের সহযোগী কিছু নেতার চিকিৎসা প্রয়োজন। তারা বহুল প্রশংসিত নির্বাচনে হেরে সংলাপের কথা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে এ ধরনের কথা বলছেন তারা। তাদের মানসিক ও শারীরিক চিকিৎসা দরকার।
তিনি বলেন, আপনারা নির্বাচন বাণিজ্য করবেন, ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেবেন। আবার জয়লাভের কথা বলবেন, জনগণ কি বোকা? তারা নমিনেশন বাণিজ্য যারা করেছেন তাদের প্রত্যাখ্যান করেছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পূর্ণতা পায়নি, শূন্যতা অনুভব করেছিলো দেশ। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরলেই এর পূর্ণতা আসে। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে উন্নয়নের দিকে নিয়ে আসেন। কিন্তু ঘাতকরা সেই উন্নয়ন সহ্য করতে পারিনি। তারা জাতির পিতাকে হত্যা করে। তার কন্যা ক্ষমতায় এসে দরিদ্র রাষ্ট্রকে আজ মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














