বিদায়ী বছরে খাদ্যশস্যের মূল্যসূচক বাড়তির দিকে ছিল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৭ ১২:১১:৪৫


২০১৮ সালজুড়ে দেশে দেশে সামাজিক ও রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রতিকূল আবহাওয়াসহ বিভিন্ন বিষয় ও ঘটনা বিশ্ববাসীর চিন্তার খোরাক জুগিয়েছে। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।কিন্তু বিদায়ী বছরে খাদ্যশস্যের গড় মূল্যসূচক বাড়তির দিকে ছিল।

এফএফপিআই অনুযায়ী, ২০১৮ সালে এ সূচক মান ছিল ১৬৫ দশমিক ২ পয়েন্টে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৭ সালে এটি ১৫১ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করেছিল। গত বছর খাদ্যশস্যের দাম বাড়লেও চিনি, ভোজ্যতেল, আমিষ ও দুগ্ধপণ্যের দামে বড় ধরনের পতন ঘটায় খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের বছরের তুলনায় কমে যায়।

২০১৭ সালে চিনির বৈশ্বিক গড় মূল্যসূচক ছিল ২২৭ দশমিক ৩ পয়েন্টে। গত বছর এ সূচক মান রেকর্ড পরিমাণ কমে ১৭৭ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে বলে জানিয়েছে এফএও। একইভাবে ২০১৮ সাল শেষে ভোজ্যতেলের বৈশ্বিক গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪৪ পয়েন্টে। আগের বছর এটি ১৬৮ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করেছিল। বিদায়ী বছরে আমিষপণ্যের গড় মূল্যসূচক ১৭০ দশমিক ১ পয়েন্ট থেকে কমে ১৬৮ দশমিক ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ১৯২ দশমিক ৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের বছর এটি ২০২ দশমিক ২ পয়েন্টে অবস্থান করেছিল।