যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৭ ১৯:১৮:৪৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মানের কাজ চলছে। ওই প্রকল্পের কাজ শেষ হলে যমুনা নদীতেও একই ধরনের টানেল র্নিমানের কাজ শুরু করবে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
বৃহস্পতিবার ১৭ জানুয়ারী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পরিচিতি (ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন,প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। প্রকল্পটির ব্যয়ের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।
তিনি বলেন, সেতু তৈরি হলে অনেক ক্ষেত্রেই নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয়। টানেল তৈরি করা গেলে নদীর প্রবাহ ঠিক থাকে। এ জন্যই যমুনা নদীর উত্তরে একটি টানেল তৈরি করা হবে।’
টানেল নির্মাণ এলাকা চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের সঙ্গে টেলি কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন, জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত এই টানেল নির্মাণ হবে।
বৃহত্তর রংপুরবাসীর ওই এলাকা দিয়ে একটি সেতু নির্মাণের বহুদিনের দাবি আছে । ওই এলাকায় টানেল র্নিমান হলে উত্তরের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হয়ে যাবে।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেখানে নদী অনেক ভাঙন প্রবণ এবং সেতু নির্মাণের উপযোগিতা নেই।
এখন টানেল নির্মাণ কাজ চলছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। ২০২২ সাল নাগাদ এই প্রকল্প শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরো জানান, দেশের সার্বিক উন্নয়নে সরকার ১০০ বছরের একটি রোডম্যাপ তৈরির পরিকল্পনাও করেছে। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ উপন্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














