আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও ভ্রাম্যমাণ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৯ ১০:৫৫:১৬


এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও দেখা মিলছে বড় বড় স্টলের সামনে চলছে ছোটখাটো ভ্রাম্যমাণ ব্যবসা। আইসক্রিম, ঝালমুড়ি, চানাচুরসহ হরেক রকম খাবার বিক্রেতায় ভরে গেছে মেলার মাঠ। ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে এসব ছোটখাটো ভ্রাম্যমাণ দোকানের ফলে ক্রেতা-দর্শনার্থীর হাঁটতে চলতেও ভোগান্তি পোহাতে হয়।

মেলায় আগত দর্শনার্থী মোহাম্মদ আবু বকর । এসেছেন গাজিপুর থেকে। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে আবু বকর জানান, একজন হকারই তাকে অন্তত ১৫ থেকে ২০ বার বলেছেন, ‘স্যার বেলুন লাগবে?’। মোহাম্মদ আবু বকরের মতে অন্তত ছুটির দিনের ভিড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ী বা হকারদের প্রবেশ বন্ধ রাখা উচিত।

মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। এবার প্রাপ্ত বয়স্কদের প্রবেশে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলা প্রাঙ্গণ ছাড়াও অনলাইনেও পাওয়া যাচ্ছে এবারের মেলার টিকিট।

বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের মোট ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। দেশগুলো হলো- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।