বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করার চেষ্টা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১৫:১৯:০০


আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করতে তোড়জোড় শুরু করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় বিনিয়োগকারীরা যাতে একই ছাদের নিচে সব ধরনের সেবা পায়, তার জন্য এ মাসের মধ্যেই ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে ।

সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে এমন নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পরিবেশ অধিদপ্তরসহ সেবাদানকারী বিভিন্ন সংস্থার সঙ্গে টানা বৈঠক করছে বিডার কর্মকর্তারা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পাঁচটি সেবা দেওয়া চালু হয়েছে। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে উদ্যোক্তাদের ২০ ধরনের সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিডার কর্মকর্তারা।

ওয়ান স্টপ সার্ভিস চালু করতে বাস্তবায়নকারী সংস্থা বিজনেস অটোমেশন কম্পানির কাজেও গতি এসেছে। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে একজন ব্যবসায়ী বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন করতে পারবে। অফিসের সময়েই আবেদন করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। দিনে-রাতে যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। ব্যবসার ধরন অনুযায়ী ওই উদ্যোক্তার কী কী সেবা দরকার তা চলে যাবে সংশ্লিষ্ট সেবা দানকারী সংস্থায়। নির্দিষ্ট দিনের মধ্যেই সংস্থাকে ওই সেবা দিতে হবে।

বিডার পরিচালক তৌহিদুর রহমান খান বলেন, ‘আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করছি। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। আমরা আশা করছি, এ মাসের মধ্যেই ব্যবসায়ীদের একই ছাদের নিচে ২০ ধরনের সেবা দেওয়া সম্ভব হবে। ধীরে ধীরে অন্য সেবাও দেওয়া হবে।’

বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে পদে পদে হয়রানির শিকার হয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল একই ছাদের নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে। দুই বছর ধরে বিডার কর্মকর্তারা ওয়ান স্টপ সার্ভিস চালু করার উদ্যোগ নিলেও বিভিন্ন সংস্থার অসহযোগিতার কারণে কার্যকর করা সম্ভব হয়নি। তবে নতুন বছরের শুরুতে, নতুন সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের নির্দেশনার মাধ্যমে কঠোর বার্তা পাঠানো হয়েছে সেবা দানকারী সংস্থাগুলোর কাছে। যত দ্রুত সম্ভব ওএসএস সেবা চালু করতে বিডাকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এই মাসের মধ্যেই বিডার ওয়ান স্টপ সার্ভিস চালু করতে চাই। ৫ জানুয়ারি পাঁচটি সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছি। আশা করছি, ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি ছাড়া দেশে বিনিয়োগ করতে পারবে।’