হিলিতে বাংলাদেশ ও ভারতীয় আমদানি-রফতানিকারকদের মধ্যে বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১৩:৫৩:৩৮


বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে গতকাল হিলি স্থলবন্দরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিকাশ রঞ্জন মণ্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুব্রত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চাকী, পান্না লাল বণিক, বিকাশ রায় প্রমুখ। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, আমদানিকারক মামুনুর রশীদ লেবু প্রমুখ।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, বৈঠকে দুই দেশের আমদানি-রফতানিকারকদের এলসির পণ্য যথারীতি রফতানি ও আমদানি করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেসব অভিযোগ রয়েছে, সেগুলো আরো আলোচনার মাধ্যমে এক-দুই সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলা হবে।