জ্বালানিখাতে এরামকো’র বিনিয়োগে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২২ ১১:৪৮:৩৫


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ফলে এই খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি এরামকো বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এরামকো’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে ঘেমলাছ দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকেই তিনি জ্বালানিখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে কোম্পানিটি তেল শোধনাগার স্থাপনে আগ্রহী। বাংলাদেশে ১৫ মিলিয়ন মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন তেল শোধনাগার স্থাপন করা গেলে তা লাভজনক হবে। আর এভাবেই দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।

বৈঠকে প্রতিমন্ত্রী তাদের বাজার গবেষণার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নির্দেশ দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহামেদ মুঘিরা উপস্থিত ছিলেন।