২০২১ সালে তৈরি পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২৩ ১৮:১৯:০২


২০২১ সাল নাগাদ তৈরি পোশাক রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরো মন্তব্য করেন, বিজিএমইএ নেতৃত্ব চেষ্টা করলে আগামী ২০২৪ সালে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ।

বুধবার ২৩ জানুয়ারী রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনের ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্রেবিক শো-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

উপস্থিত ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, শিল্পখাতে আমাদের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশ। আমি আজ কর্মাস মিনিস্টার হয়েছি, কিন্তু ২৫ বছরের বেশি উল্টো টেবিলে বসেছি। দাবি দাওয়া যা কিছু আছে তা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমার সামনের সারিতে যারা বসে আছেন, তাদের যোগ্যতাই তাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা সবাই একই ট্রেন্ড থেকে এসেছি। আমার বিশ্বাস এদের নেতৃত্বেই সম্ভব ২০২১ সাল নাগাদ তৈরি পোশাক রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে। চেষ্টা করলে ২০২৪ সালে রফতানির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারও হতে পারে।

তিনি বলেন, আগামী  ২০২১ সাল নাগাদ আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫০০ ডলারে উন্নীত হবে বলে আশা করছি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৭৫৪ ডলার।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহি‌উদ্দিন, তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সহ-সভাপতি মনসুর আহমেদ ও সেমস গ্লোবালের এমডি মেহেরুন এন ইসলাম ।