ফেব্রুয়ারিতে পদ্মাসেতুর আরও দুটি স্প্যান বসবে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৪ ১৬:১৪:৫১
সকল বিস্ময় ছাপিয়ে প্রমত্তা পদ্মার বুকে দৃশ্যমান হয়েছে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ পদ্মাসেতু। পদ্মার জাজিরার প্রান্তে একসঙ্গে ৬টি স্প্যান আর মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছে। মোট ৪১ টি স্প্যানের মধ্যে বসানোর বাকি আছে আরও ৩৪টি। ফেব্রুয়ারি মাসেই আরও দুটি স্প্যান উঠবে।
এমন তথ্য জানিয়েছেন সেতু প্রকল্পের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।
তারা বলছেন, জাজিরা প্রান্তে সেতুর ৪২ নম্বর পিলার (শেষ পিলার) থেকে ৩৬ নম্বর পিলারের মধ্যে ৬ টি স্প্যান বসানো হয়েছে। আর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে। এখন স্প্যান বসানোর জন্য প্রস্তুত আছে জাজিরা প্রান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলার এবং মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলার। এরমধ্যে ৩৪ ও ৩৫ নম্বর পিলারে স্প্যান প্রস্তুতি শেষ পর্যায়ে।
এই প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘পুরো প্রকল্পের ৬৩ ভাগ কাজ হয়েছে। ফেব্রুয়ারিতে আরও ২টি স্প্যান বসানো হবে।’
উল্লেখ্য, পদ্মাসেতুর কাজ শুরু হয়েছিল চার বছর আগে, ২০১৫ সালের ডিসেম্বরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা গত বছরের ডিসেম্বরে। তবে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। আশা করা যাচ্ছে, ২০২০ সালের শেষে যান চলাচলের জন্য খুলবে পদ্মাসেতু।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














