রাজধানীতে বেড়েছে মাছ-মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৫ ১২:৩৬:৪৬
রাজধানীর কাঁচাবাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে মাছ-মুরগির দাম। তবে শাক-সবজীর বাজার স্থিতিশীল রয়েছে।এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। এছাড়াও দাম বেড়েছে লাল লেয়ার মুরগি ও পাকিস্তানি ছোট মুরগির।
রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
রামপুরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা কেজিতে। লাল কক মুরগি বিক্রি হচ্ছে ১৯৫ টাকা থেকে ২০৫ টাকা কেজিতে। আর পাকিস্তানি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। একই দামে বিক্রি হতে দেখা গেছে খিলগাঁও ও মালিবাগ হাজীপাড়াতে।
রামপুরা বাজারের একজন মুরগি ব্যবসায়ী জানান, হঠাৎ করেই বাজারে মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১২৫ টাকা কেজিতে। সেই মুরগি এখন ১৩৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। লাল লেয়ার মুরগি গত সপ্তাহে ১৭০ টাকায় বিক্রি করেছি। এখন বিক্রি করতে হচ্ছে ১৯৫ টাকায়। আর দেশি মুরগির মতো দেখতে পাকিস্তানি মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
মুরগির দাম বাড়লেও বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস আগের মতোই ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা কেজি এবং খাসির মাংস ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে শীতের সবজিতে বাজার ভরপুর থাকাই বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। কোনো সবজির দাম সপ্তাহের ব্যবধানে বাড়ার তথ্য পাওয়া যায়নি। বরং কিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে কমেছে। সবজির পাশাপাশি ক্রেতাদের স্বস্তি দিচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, নতুন আলুর দাম।
তবে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ৫০০ টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি। টেংরা মাছের কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকা কেজি। শিং মাছ ৪০০ থেকে ৬০০ টাকা। বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজিতে। চিতল মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজিতে।
গত সপ্তাহের মতো এখনও বাজারে দামি সবজির তালিকায় রয়েছে করলা। বাজার ও মানভেদে করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগেও এ সবজিটির দাম একই ছিল। করলার পরেই রয়েছে লাউ। বাজার ও মান ভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।
বর্তমানে বাজারে কম দামের সবজির তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শালগম, বেগুন পেঁপে, শিম। কিছু কিছু বাজারে বিচিবিহীন শিম মাত্র ১০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে বিচিসহ শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজিতে। গত সপ্তাহে কোনো বাজারে শিমের কেজি ১৫ টাকার নিচে ছিল না।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














