নিজের অধিকার রক্ষায় সবাই রুখে দাঁড়ান: মির্জা ফখরুল
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-৩০ ১৮:৪৪:৩২
একাদশ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, জনগণের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য, ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য— দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে রুখে দাঁড়াতে হবে।আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
বুধবার ৩০ জানুয়ারী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে পচাত্তরের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে তারা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ঠিক একই কায়দায় আজকে তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় দখলদারিত্বের সংসদ গঠন করেছে।
দেশে দখলদার সরকার প্রতিষ্ঠা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির ভুয়া নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে দখলদারি সংসদ ও দখলদারি সরকার বসিয়েছে।
এ সময় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।বলেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি। আমরা ৩০ ডিসেম্বরের নির্বাচনের সঙ্গে ফলও প্রত্যাখ্যান করেছি। তখনই আমরা বলেছিলাম—একটি নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। আজকে আমরা আবার একই দাবির পুনরাবৃত্তি করছি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














