জাতীয় ঐক্যফ্রন্টের তিন নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০১ ১৪:১৭:৪৯


বাংলাদেশে জাতীয়তাবাদী দল(বিএনপি)নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের তিন নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন । শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল হিসেবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠানের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের না যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন বলে ঐক্যফ্রন্টের  প্রতিনিধি দল জানিয়েছেন ।

এ প্রতিনিধি দলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ‘আমরা চিঠি নিয়ে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছি। ২০ মিনিট ধরে অপেক্ষা করছি। তবে প্রধামন্ত্রীর কার্যালয়ে কেউ দেখা করতে আসেননি।’

আগামীকাল ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের  অনুষ্ঠানে যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ঐক্যফ্রন্ট নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের কেউ যাবে না। ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।’