ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পড়েছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১২:১৮:০৪


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে।

রোববার ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম রিপোর্ট পাওয়ার পর একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান।

তিনি জানান, ‘এনজিওগ্রাম করা হয়েছে। তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।’

ডা. আলী আহসান আরও জানান, ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে আমেরিকান সেনারজি কোম্পানির একটি রিং আপাতত পরানো হয়েছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চলছে। ৭২ ঘণ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।