উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে কাদের
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৪ ১৬:২৪:১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। বিকাল ৩টা ২০ মিনিটের দিকে একটি এম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেয়। পরে সেখান থেকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হবে। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলবে।
এর আগে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠী তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। আজ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিএসএমএমইউতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া।
ওবায়দুল কাদেরের বর্তমান শারিরীক অবস্থা জানিয়ে ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান জানান, আজ সকাল ৯টার পর থেকে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীর সবচেয়ে বড় সমস্যা ছিলো উচ্চ রক্তচাপ। বর্তমান সেটা স্বাভাবিক হয়ে ১১০-১২০ এর মধ্যে রয়েছে।
দেড়টার দিকে বিএসএমএমইউতে পৌঁছান বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠি।তিনি। এ সময় পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন তাকে স্বাগত জানান এবং ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যান।
এর আগে পৌনে ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। অধ্যাপক হারিসুল হক ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মুজাফফর আহমেদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি হোটেল সোনারগাঁওয়ে আসেন। সেখান থেকে পরে তিনি বিএসএমএমইউতে যান।
এদিকে, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে।
গত রাতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘দুপুরের পর থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। তিনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে মাথা নেড়ে উত্তর দিয়েছেন তিনি। ’
শনিবার (২ মার্চ) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














