সংসদে যাওয়ার সিদ্ধান্ত সঠিক: র্মিজা ফখরুল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৬ ১০:০৫:০২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের সংসদে যাওয়া নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্রফোরামের আয়োজনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আমরা যখন বলেছিলাম সংসদে যাব না। ওই সিদ্ধান্তটা সেই মুহূর্তে ভুল ছিল এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ আমাদের পার্লামেন্টেও কথা বলতে হবে। বাইরেও লড়াই করতে হবে। কারণ এখন আমরা কিছুই করতে পারছি না।
দলের অভ্যন্তরীণ বিষয়ে নেতাকর্মীদের বক্তব্যের জবাবে তিনি বলেন, আমাদের দলে এতটুকুও সমস্যা নেই। দল ঐক্যবদ্ধ আছে। আমরা কঠিন সময় পার করছি। এই কঠিন-সংকটময় মুহূর্তে আমাদের কমিটমেন্ট রাখতে হবে।বিপদ সামনে নিয়েও আমাদের এগিয়ে যেতে হবে। কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। তিনি দলের বিষয়ে কোনো বক্তব্য থাকলে তা দলীয় ফোরামের বাইরে না বলার জন্য নেতাদের প্রতি অনুরোধ করেন।
মির্জা আলমগীর বলেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে- রাজনীতিতে স্থির বলে কোনো কথা নেই। এটা পরিবর্তন হয়। ১৯৯০ সালের যে চিন্তা, যে ভাবনা, সেই পরিস্থিতি কী ২০১৯ সালে আছে? সুতরাং আমাদের ২০১৯ সালের রাজনীতিকে বিশ্লেষণ করে, পর্যবেক্ষণ করে পথ বের করতে হবে। ২০০১ সালের অবস্থা এবং এখনকার অবস্থা কী এক? রাশিয়ার বিপ্লব ১৯১৭ সালে হয়েছিল, এখন কী সেই রাশিয়া আছে? নেই। তাই সস্তা স্লোগান দিলে চলবে না। আমাদের পথ বের করতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে। নেতিবাচক চিন্তায় এখন আর এগোনো যাবে না। যখন যেখানে যতটুকু সুযোগ পাওয়া যাবে সেই সুযোগটুকু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সব জায়গা থেকে লড়াই করতে হবে।
তিনি বলেন, এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে লড়াকু ছেলে-পেলে। এরা প্রত্যেকে লড়াকু সৈনিক, বার বার জেলে যাচ্ছে, আসছে। কাজ হচ্ছে না। তাই আমাদের রাস্তা বের করতে হবে। আমরা বসে থাকব না। পথ খুজব।
বিএনপি মহাসচিব বলেন, দেশে সুশাসন নেই। বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রবৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই সরকার শুধু গণতন্ত্রেরই ক্ষতি করছে না দেশেরও ক্ষতি করছে। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, সরকার তার জামিন দিতে ভয় পায়। কারণ দেশনেত্রীকে মুক্তি দিলে হ্যামিলিয়নের বাঁশি ওয়ালার মতো তার পেছনে মানুষ ছুটে আসবে।
এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা দরকার। কারারুদ্ধ অবস্থায় তার স্বাস্থ্যের কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কারাগারে হত্যা করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














