১৮ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৯ ১৬:১১:৩০


ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশে আঘাত হানার আগেই ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

আজ শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল থেকেই লোকজন স্থানান্তর শুরু হয়েছে। আজকে সকাল পর্যন্ত ৩ লাখ লোককে স্থানান্তর করা হয়েছে। যে অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় আঘাত হানবে বলে আশঙ্কা করছি, আমাদের টার্গেট ১৮ লাখ লোককে সরাতে হবে। নৌবাহিনী, কোস্টগার্ড সবাই মিলে সমুদ্র থেকে নৌযান ফিরিয়ে নিয়ে এসেছে। জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছে।’

অতি ঝুঁকিপূর্ণ ৯টি জেলায় ৪ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থা দেখেছি মোংলা বন্দর থেকে ২৮০ কিলোমিটারের মধ্যে চলে আসছে। এর অভ্যন্তরীণ ঝড়ের গতিবেগ ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। এটা ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। সেই হিসেবে আমরা ধারণা করেছি রাত ৮টা থেকে মধ্য রাতের মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত করবে।’

‘এভাবে এগুলে এটি পশ্চিম বাংলা ও বাংলাদেশের খুলনা বিভাগীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। এখন জোয়ারের সময় তাই ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে’, বলেন তিনি।

শনিবার দুপুরের মধ্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি সবাইকে নিরাপদে সফলভাবে পৌঁছে দিতে পারব। তবে শনিবার দিনের মধ্যে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসব।’

এনামুর রহমান আরও বলেন, ‘আশ্রয় কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২ হাজার প্যাকেট করে প্রতি জেলায় শুকনো খাবার দেওয়া হয়েছে। এক একটি প্যাকেটে যে খাবার আছে একটি পরিবার সাত দিন পর্যন্ত খেতে পারবে। এ ছাড়া ২০০ টন করে চাল ও ১০ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে প্রায় ১ হাজার ৫৪৬টি মেটিকেল টিম প্রস্তুত রেখেছে। প্রচুর পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন তারা প্রস্তুত রেখেছে।’

এনামুর রহমান বলেন, ‘প্রতি মুহূর্তে মাঠ থেকে আমাদের কাছে খবর আসছে কতজন লোক আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, কতটি আশ্রয় কেন্দ্রে তৈরি আছে। সেই অনুযায়ী আমরা অত্যন্ত সন্তুষ্ট যে, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনায় আমরা সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। আশা করি ঘূর্ণিঝড় বুলবুল আমরা সফলভাবে মোকাবিলা করতে পারব। উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তা শতভাগ দিতে পারব।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস