দুর্ঘটনার পরও হলে এসএসসি পরীক্ষার্থীরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৪ ১৪:১৩:৪৫
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহন করা একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে চারজন গুরুতর আঘাত পেয়েছে। দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের অন্য যানবাহনে করে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে তাদের।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাটুলিয়া এলাকায় কালামপুর-সাটুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা চৌদ্দ এসএসসি পরীক্ষার্থীরা আহত হয়। এদের মধ্যে চার জন হাত-পায়ে গুরুতর আঘাত পেয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পদ্মা জেনারেল হাসপাতাল ও হারুন জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অন্য যানবাহনে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ব্যবস্থায় একটি আলাদা কক্ষে বসে আহতরা পরীক্ষা দিচ্ছে।
পুলিশ জানায়, ওই বাসে আশুলিয়ার বাইপালের বসুন্ধরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা ছিল। তারা সবাই ধামরাইয়ের জালসা স্কুলের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিচ্ছে। ধামরাইয়ের কুশরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আশুলিয়া থেকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি বাস কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাটুলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে পদ্মা জেনারেল হাসপাতাল ও হারুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক বলেন, ‘বিশেষ ব্যবস্থায় আহত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তারা যে সময় পরীক্ষা শুরু করবে, তখন থেকেই তাদের সময় গোনা শুরু হবে। তাদের চিন্তার কিছু নেই। ওই সময় থেকে তিন ঘণ্টা পর্যন্তই তারা পরীক্ষা দিতে পারবে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













