আজ রিফাত হত্যা মামলার অপ্রাপ্ত ১৪ আসামির রায়
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৭ ১০:২৪:০১
আজ বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।
এর আগে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বরগুনার সবার নজর এখন আদালতের দিকে। যাদের রায় ঘোষণা হবে তারা হল রাশিদুল হাসান রিশান ফরাজি (১৭+), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫+), আবু আবদুল্লাহ রায়হান (১৬+), অলিউল্লাহ অলি (১৬+), জয় চন্দ্র সরকার চন্দন (১৭+), মো. নাঈম (১৭+), তানভির হোসেন (১৫+), নাজমুল হাসান (১৪+), রাকিবুল হাসান নিয়ামত (১৫+), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭+), মারুফ মল্লিক (১৭+), প্রিন্স মোল্লা (১৫+), রাতুল সিকদার জয় (১৪+) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬+)।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান জানান, রিফাত হত্যা মামলায় ৭৬ জন সাক্ষী তালিকাভুক্ত হলেও অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে এ পর্যন্ত ৭৪ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে আদালতে ১৫ জন দেখা সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন। আমরা আশা করি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।
আসামি পক্ষের আইনজীবী মো. শাহজাহান বলেন, আমি চারজন আসামির পক্ষে মামলা পরিচালনা করেছি। আমার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা করি, আসামিরা নির্দোষ প্রমাণিত হবে। রায়ে আসামিদের সাজা হলে আমরা উচ্চ আদালতে আপিল করব।
সানবিডি/নাজমুল/১০:২৩/২৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














