ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করবেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৩ ২১:১২:০৩


দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতরে প্রেষণে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সভায় বসছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

আগামী ৭ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়াম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

এই সভায় আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম গোলাম সারওয়ার, ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান।

সানবিডি/এনজে/৯:১১/১১.০৩.২০২০