এইচ এন্ড সি বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২২ ১৮:৪৬:২২


খাদ্য প্রস্তুত করার সময় স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে মিষ্টি তৈরি, চুলার পাশে পোকামাকড়যুক্ত ডালডা, পোড়া তেল ও অ্যামোনিয়া থাকা, কর্মীদের গ্লাভসবিহীন হাতে কেক-পাউরুটি তৈরি করার অপরাধে এইচ অ্যান্ড সি বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার  (২২ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকার বসিলা গার্ডেন সিটিতে হট অ্যান্ড ক্রাস্টি বা এইচ অ্যান্ড সি  বেকারির ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযান চলাকালে বেকারির ফ্যাক্টরিতে যথাযথ লেবেলবিহীন বিভিন্ন খাদ্য উপকরণ দিয়ে বেকারি খাবার প্রস্তুত করতে দেখা গেছে। রেফ্রিজারেটরে ময়দার খামির ও কেকের টপিং এর সঙ্গে কাঁচা মাংস একইসঙ্গে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও যথাযথ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে মিষ্টি তৈরির সময় চুলার পাশে পোকামাকড়যুক্ত ডালডা, পোড়া তেল ও অ্যামোনিয়া পাওয়া যায়। কর্মীদের গ্লাভস ছাড়া খালি হাতে কেক ও পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ সব অপরাধে  বেকারি কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ও উপকরণ ধ্বংস করা হয়।

সানবিডি/এনজে/৬:৪৬/২২.১২.২০২০