বিক্ষোভ স্থগিত, ছুটিতে পাঠানো হলো ম্যাজিস্ট্রেটকে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-২৩ ১৩:৫৭:২২
আইনজীবীকে কাঠগড়ায় হেনস্থা করার প্রতিবাদে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করা হয়েছে। ওই ম্যাজিস্ট্রেটকে দুই দিনের ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জুলফিকার হায়াত ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেনসহ অন্যান্যদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরকে দুই দিনের ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাময়িকভাবে ওই আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, বিচারককে প্রত্যাহারের বিষয়টি ১২ বেঞ্চের সমন্বয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠানো হবে।
এদিকে, আইনজীবী রুবেল আহমেদকে কাঠগড়ায় হেনস্থা করার প্রতিবাদে আজ সকালে ওই এজলাসে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। তারা ওই ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি জানান।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য হান্নান ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে এক আইনজীবীর মামলা শুনানির জন্য দিন ধার্য ছিল। সিএমএম কোর্টের বিচারকাজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়ার কথা। কিন্তু ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর দেড় থেকে দুই ঘণ্টা পর এজলাসে ওঠেন। তখন ওই আইনজীবী এর কারণ জানতে চান। এ কারণে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন। আমরা এর প্রতিবাদে আজ আন্দোলন করেছি। তার অপসারণ চাই।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














