এলপিজি সিলিন্ডারে নিরাপত্তা ঝুঁকিতে মানুষ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৬:৫১:৫৬


দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার। আর এর সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। গত জানুয়ারি মাসের শেষ ১৫ দিনের হিসেব বলছে দেশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন শতাধিক। বছরজুড়েই এ ধরনের কয়েকশ সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবের কারণে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা যাচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের আগেই সতর্ক হতে হবে, নইলে ঘটতে পারে বিপত্তি। তাতে প্রাণও যেতে পারে। সবার আগে যে বিষয়টি দেখতে হবে তা হচ্ছে সিলিন্ডারের মেয়াদ আছে কি না। সিলিন্ডারের মেয়াদ দেখার পর এটির সঙ্গে সংযুক্ত ভালবটির মেয়াদও দেখতে হবে। সেখানে কোনও ছিদ্র আছে কি না তা যাচাই বাছাই করতে হবে। মূলত এই দুই কারণে সিলিন্ডার থেকে লিকেজের কারণে অগ্নিকাণ্ড ঘটে।

ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচার চালিয়েই এসব দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন জ্বালানি বিভাগের কর্মকর্তা। তাদের মতে দেশে যে সব দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব। এজন্য গ্রাহকদের সচেতন হওয়া জরুরি।

সানবিডি/এনজে