শর্তসাপেক্ষে সাত কলেজের পরীক্ষা চলবে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৪ ১৮:১০:৩০


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের চলমান পরীক্ষা শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এ খায়ের বলেন, ‌‘শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এ সময় তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়। ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সূত্র ‍জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্তের মধ্যে রয়েছে- পরীক্ষা চলাকালে হল খোলা যাবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার সকল আপডেটঃ

** অনার্স চতুর্থ বর্ষের আজকের পরীক্ষা ৭ মার্চ

** অনার্স তৃতীয় বর্ষের আগামীকালের পরীক্ষা ১৩ মার্চ
** ইতিমধ্যে ঘোষিত পরীক্ষা সমূহ চলবে… অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ স্পেশাল ও ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে
** মাস্টার্স ১৭-১৮ ও অনার্স নতুন সকল সেশন ( ১৭-১৮,১৮-১৯, ১৯-২০) পরীক্ষা রমজান ঈদের পরে

সানবিডি/এনজে