পাচার হওয়া অর্থ ফেরাতে হাইকোর্টের রুল জারি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৮ ১৬:৫৫:১৪


বিভিন্ন সময়ে বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংকসহ গোপনে বিদেশে পাচার হওয়া অর্থ  ফেরত আনার নির্দেশ কেন দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের প্রতি এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের পাচার হওয়া অর্থ ফেরাতে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। এছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এ সময় আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, পানামা পেপারসসহ বিভিন্ন পেপারসে নাম আসায় বাংলাদেশিদের সাজার বিষয়টি রিট পিটিশনে সংযোজন করা হয়। সেটি নিয়েও রুল জারি করেছেন আদালত। রুলে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।’

সানবিডি/এনজে