সাংবাদিক রোজিনাকে গ্রেফতারে জাতিসংঘের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৯ ১৪:০২:২৩
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তার পর মামলা এবং গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার প্রসঙ্গে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগ জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে একজন সাংবাদিককে গ্রেফতারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি স্পষ্টভাবেই উদ্বেগজনক। আমরা তাকে গ্রেফতার ও পরবর্তী পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছি।’
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘সাংবাদিককে হেনস্তা ও গ্রেফতারের বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। তাদের জন্য মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা হোক বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্য যেকোনো জায়গায়।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময়ে বিশ্বজুড়ে সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন, তা আমরা সবাই পর্যবেক্ষণ করেছি। গণমাধ্যমকর্মীরা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র হতে হবে বাধাহীন।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














