কমলাপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৯ ১১:২৩:২০
রাজধানীর কমলাপুরে আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) ভোর ৪টার দিকে হোটেল আল ফারুক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম আমেষ চন্দ্র সেন। তার বাসা চট্টগ্রামের আব্দুস সাত্তার রোডে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী বলেন, টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নম্বর রুমের দরজা ভেঙ্গে তরুণ কান্তি সেনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়।
তিনি আরও বলেন, হোটেলের রেজিস্টার থেকে জানা যায়, মৃত ব্যক্তি ৭ জুন সকালে হোটেলটির সাত তলার ৭০১ নম্বর রুমটি ভাড়া নেন। কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














