মোটরসাইকেলে দুজন হলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৯ ১২:৪১:৪৮


বিধিনিষেধের দ্বিতীয় দিনে মোটরসাইকেলে চালক ছাড়া দ্বিতীয় কেউ থাকলেই পুলিশের জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। পুলিশ বলছে, সরকার নির্দেশিত প্রজ্ঞাপন বাস্তবায়নেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। আইন অমান্যের অভিযোগে জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেলের ওপর ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি রাখতে দেখা যায়।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা নির্দেশনায় রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রেখেছে উবার, পাঠাও, সহজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে অ্যাপস সেবা বন্ধ করে দিয়েছে তারা।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। ফলে একই হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

তবে মঙ্গলবার সকালে সড়কে বেরিয়ে পুলিশের এমন কড়াকড়ি আর জরিমানায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ চেকপোস্টে একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা নূর মোহাম্মদ শরীফ বলেন,
মোটরসাইকেলে সহকর্মীকে নিয়ে যাচ্ছিলাম। আমাকে দীর্ঘ দুই ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। এরপর এখন আবার ১২শ টাকার মামলা দিয়েছে। আমি অফিসেও যেতে পারলাম না আর এখানেও মামলা খেতে হলো। সব কার্যক্রম খোলা রেখে লকডাউন দেওয়ার কোনো মানে হয় না। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কষ্ট ছাড়া আর কিছুই না।