হাসপাতাল থেকে আবার কারাগারে ডেসটিনির রফিকুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৩ ১৮:২০:৪৫


ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। এখানে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানা গেছে।

রফিকুল এর আগে অসুস্থতার কথা বলে প্রায় ৩ মাস এই হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে জানান, বন্দী রফিকুল আমিনকে বিএসএমএমইউর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছে। সেই ছাড়পত্র অনুযায়ী তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণ দেখিয়ে ৩ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে আছেন রফিকুল। অসুস্থতার অজুহাত কাজে লাগিয়ে তিনি কারা তত্ত্বাবধানে থেকেও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জুম মিটিংয়ের সাম্প্রতিক কিছু ভিডিওতে তাকে নতুন এমএলএম ব্যবসা নিয়ে কথা বলতে দেখা গেছে। নতুন প্রতিষ্ঠানের জন্য তিনি শিগগিরই এক হাজার ৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগের কথা বলছেন। মিটিংয়ে ডেসটিনির বেশ কয়েকজন কর্মকর্তাও যুক্ত ছিলেন।

এ নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর বৃহস্পতিবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা অধিদপ্তর। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ৪ প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া চার প্রধান কারারক্ষীসহ ১৭ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।