সোমবার হাইকোর্টের ৩৬ বেঞ্চে চলবে বিচারকাজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৬ ২১:০২:১৫
বিধিনিষেধ শিথিলের মধ্যে সোমবার (১৯ জুলাই) হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করতে ৩৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শুক্রবার (১৬ জুলাই) প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচার কাজ পরিচালনার জন্য চারটি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। শুক্রবারের আদেশে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে বলা হয়, বিগত ১২ জুলাই গঠন করা অবকাশকালীন বেঞ্চসমূহ বাতিল করে শারীরিক উপস্থিতি ছাড়াই শুধু সোমবার (১৯ জুলাই) ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।
বৃহস্পতিবার (১৫ জুলাই) হাইকোর্টের ৩৮টি বেঞ্চ খুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি। ওই দিন ভার্চুয়ালি এসব বেঞ্চে বিচারকাজ চলে।
উল্লেখ্য, বিধিনিষেধের মধ্যে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি তিনটি একক বেঞ্চ এবং আপিল বিভাগে বিচার কার্যক্রম চলমান ছিল।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













