অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আইসিইউতে চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৯:১১:২৬


ঈদ সামনে রেখে রাজধানীতে বাড়ছে অজ্ঞান পার্টির তৎপড়তা। শনিবার (১৭ জুলাই) রাতে এ চক্রের খপ্পরে পড়ে একটি বেসরকারি ক্লিনিকের ফিজিওথেরাপিস্ট সুশান্ত মজুমদার গুরুতর অসুস্থ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বেসরকারি একটি ক্লিনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন।

এ বিষয়ে সুশান্তের ভাই সজল মজুমদার গণমাধ্যমকে জানান, সুশান্ত পুরান ঢাকার একটি ক্লিনিকের ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। শনিবার রাতে হাসপাতালের কাজ শেষ করে যখন তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন, সেসময় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, অজ্ঞান পার্টির সদস্যরা তার ভাইয়ের মুঠোফোনসহ অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রাথমিকভাবে সুশান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বেসরকারি একটি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়েছে। সুশান্তের এখনও জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার ভাই সজল মজুমদার।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, যাত্রীবেশে অজ্ঞান পার্টির সদস্যরা সুশান্ত মজুমদারকে অচেতন করে তার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

সানবিডি/আরএইচ