করোনা: সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যা বাড়াতে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০১ ১৯:১৭:৪২


সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেক সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরীন ও শাহীনুজ্জামান।

আইনজীবি শাহীনুজ্জামান জানান, আবেদনে সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো, যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা, করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হসপাতালে আলাদা স্থান নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিলো।

সানবিডি/আরএইচ