১৫ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৪ ১৬:৪৪:৪৪
বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন করেছে সরকার। বুধবার (৪ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার (৩ আগস্ট) এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার জানিয়েছেন, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ (রাষ্টপতির ১৯৭২ সালের ৪৬ নম্বর আদেশ) এর অনুচ্ছেদ (৮) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্যের সমন্বয়ে এই এডহক বার কাউন্সিল গঠন করে।
কাউন্সিলের সদস্যগণ হলেন- অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন (যিনি কাউন্সিলের চেয়ারম্যান হবেন), বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এডভোকেট মোখলেছুর রহমান বাদল, এডভোকেট এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না), এডভোকেট শাহ মো. খায়রুজ্জামান ও এডভোকেট মো. কামরুল ইসলাম।
এছাড়া ঢাকা আইনজীবী সমিতির এডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, চট্টগ্রাম আইনজীবী সমিতির এডভোকেট মুজিবুল হক, সিলেট আইনজীবী সমিতির, এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, ময়মনসিংহ আইনজীবী সমিতির, এডভোকেট কবির উদ্দিন ভূঞা, খুলনা আইনজীবী সমিতির, এডভোকেট পারভেজ ইসলাম খান, রাজশাহী আইনজীবী সমিতির, এডভোকেট মো. ইয়াহিয়া এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতির এডভোকেট মো. আব্দুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয় এই এডহক বার কাউন্সিলের মেয়াদ হবে ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত। এই এডহক বার কাউন্সিল আগামী ৩১ মে ২০২২ তারিখ বা উহার পূর্বে বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত বার কাউন্সিল ১ জুলাই ২০২২ তারিখে উহার দায়িত্বভার গ্রহণ করবেন।
আইন সচিব মো. গোলাম সারোয়ার আরো জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এই এডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














