নিজ দেশে আফগানদের নিরাপদ ভাবার আহ্বান তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৫:৩৪:৫২
নিজ দেশে আফগান নাগরিকদের সবাইকে নিজেদের নিরাপদ ভাবা উচিত বলে মনে করে তালেবান। কাবুলে সংগঠনটির নিরাপত্তার দায়িত্বে থাকা খলিল উর রহমান হাক্কানি এমন মন্তব্য করেছেন। রোববার (২২ আগস্ট) আল জাজিরার সঙ্গে আলাপকালে খলিল উর রহমান হাক্কানি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধরত আফগানিস্তানের শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য কাজ করছে তালেবান।
তিনি বলেন, ইসলামিক আমিরাতের অধীনে সব আফগান নাগরিকই নিরাপদ। এছাড়া দেশটির ৩৪টি প্রদেশের সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
হাক্কানি বলেন, যখন আমরা বিদেশি পরাশক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছি তখন আফগান নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারব। আফগান-সোভিয়েত যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে এই তালেবান নেতার।
উল্লেখ্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার পর সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর অভিযোগ তুলে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো। উৎখাত হয় তালেবান সরকার।
২০ বছর ধরে চলা তালেবান এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেই যুদ্ধে নিহত হয়েছেন বহু মানুষ। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহায় তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেন।
গত এপ্রিলে বর্তমান প্রেসিডেন্ট তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে চলা ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটাতে ঘোষণা দেন মার্কিন সেনা প্রত্যাহারের। এরপর থেকেই তালেবান কাবুল দখলের জন্য আফগান বাহিনীর সঙ্গে তীব্র লড়াই শুরু করে। সাড়ে তিন মাসের লড়াই শেষে গত রোববার কাবুল দখলে নেয় তালেবান। এরপর ২০ বছর আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে তারা। এর পর থেকেই দেশ ছাড়তে কাবুলে জড়ো হন হাজার হাজার আফগান।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














