ডিএসইর পরিচালক হলেন শরীফ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৮:০৩:৩৬


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালীকে হারিয়ে জয়ী হয়েছেন শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন।

রোববার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনে রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্য জনাব হারুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ ও সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাচনে ২৫৯ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ভোট প্রদান করেন। এতে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।

এবারের নির্বাচনে শরীফ আনোয়ার হোসেন ২৭ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ০৩২ ভোট এবং আহমেদ রশিদ ২১ কোটি ৬৬ লক্ষ ৩২ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমানের ৩ বছরের মেয়াদ শেষের পথে। তার জায়গায় পরিচালক হওয়ার জন্য আজ নির্বাচন হয়। এতে মনোনয়ন সংগ্রহ করেন ওই ২ জন।

শরীফ আনোয়ার হোসেন পুঁজিবাজারের একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷ ১৯৮৪ সাল থেকে তিনি পুঁজিবাজারের সাথে যুক্ত হন৷ তিনি ২০১৩ সালে প্রথমবারের মতো ডিএসই’র পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ডিমিউচুয়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিএসই ট্রেক হোল্ডারস ক্লাবের (প্রাক্তন মেম্বার্স ক্লাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এএ